প্রকাশকাল: ১৪ অক্টোবর ২০২৫
ডাউনলোড: ২৬ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

মিরপুরে পোশাক কারখানায় আগুন; নিহত ৯ জন, দগ্ধ ৮

পেজ দ্যা নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কারখানায় দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৮ জন গুরুতর দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি পোশাক কারখানায় আগুন লাগে। পরে আগুন পাশের কসমিক ফার্মা নামে একটি রাসায়নিকের গোডাউনে ছড়িয়ে পড়ে। ফলে দ্রুত আগুন ভয়াবহ আকার ধারণ করে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জানান, “রাসায়নিক থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। ভবনের ভেতর থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।”

পুলিশ ও স্থানীয়রা জানান, আগুন লাগার সময় বেশ কয়েকজন শ্রমিক ভেতরে কাজ করছিলেন। অনেকে জানালা ভেঙে বের হলেও কয়েকজন ভিতরে আটকা পড়ে দগ্ধ হন।

নিহতদের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।