প্রকাশকাল: ১৬ নভেম্বর ২০২৫
ডাউনলোড: ১৪ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

লক্ষ্মীপুরে বিএনপি নেতা হত্যা: ছাত্রদল কর্মীর ‘আউট’ পোস্টে সমালোচনার ঝড়

পেজ দ্যা নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মোস্তফার দোকান এলাকায় শনিবার রাতে আবুল কালাম (ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক) কে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত কালামের পরিবার অভিযোগ করেছে, স্থানীয় ছাত্রদল কর্মী কাউছার হোসেন হত্যাকাণ্ডে জড়িত। ঘটনার প্রায় এক ঘণ্টার মাথায় রাত ৯টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে ক্রিকেট খেলায় এক রান আউট হওয়ার ভিডিও পোস্ট করে কাউছার লিখেন—‘আউট’। নিহতের পরিবারের দাবি, পোস্টটি হত্যাকাণ্ডকে ইঙ্গিত করেই দেওয়া হয়েছে।

কাউছার স্থানীয় ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকলেও তাঁর কোনো পদ নেই। এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এবং তিনি একটি হত্যা মামলারও আসামি। নিহত কালামের সঙ্গে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তাঁর দীর্ঘদিনের বিরোধ ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কাউছার হোসেন বলেন, ঘটনার সময় তিনি মোস্তফার দোকানে বসে ছিলেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ফেসবুক পোস্ট সম্পর্কে তাঁর দাবি, “বাড়ির সামনে ক্রিকেট খেলার ভিডিও পোস্ট দিয়েছি, এর সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক নেই।”

ঘটনার পর রাত ১০টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি তিন দিনের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে রাখা হয়েছে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম বলেন, “প্রাথমিক তদন্তে কাউছারের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাঁর ‘আউট’ লেখা ভিডিওটিও পুলিশের নজরে আছে। চার-পাঁচজন মিলে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে ধারণা করছি।”