আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের অভিযোগে তা’মীরুল মিল্লাত টঙ্গী ক্যাম্পাসের ৩ শিক্ষক বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক- গাজীপুরের টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী ক্যাম্পাসে চার দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও হামলার অভিযোগে তিন শিক্ষককে বহিষ্কার করেছে মাদরাসা প্রশাসন। বহিষ্কৃত শিক্ষকরা হলেন— আতিকুর রহমান, সিবগাতুল্লাহ্ ও কামরুল ইসলাম। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
দিনের শুরুতে আলিম দ্বিতীয় বর্ষের মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বেতন বৃদ্ধি, অতিরিক্ত পরীক্ষার ফি, ছাত্রকল্যাণ তহবিল থেকে সহায়তা এবং স্কলারশিপ চালুসহ চার দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে অন্যান্য বর্ষের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেন।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে এসব দাবি জানানো হলেও প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। সকালে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে মাঠে বিক্ষোভ করেন।
প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে শিক্ষার্থীরা দুপুরে মাদরাসার প্রধান ফটক ভেঙে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে দেড় ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ অনুরোধ করলে তারা ক্যাম্পাসে ফিরে আসেন।
ক্যাম্পাসে ফেরার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন—কয়েকজন শিক্ষক তাদের ওপর চড়াও হয়ে মারধর করেন, যার ফলে কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং কারও পোশাক ছিঁড়ে যায়। টাকসুর দায়িত্বশীলদের ওপরও হামলার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।