প্রকাশকাল: ২৭ নভেম্বর ২০২৫
ডাউনলোড: ২৭ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

লক্ষ্মীপুরে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমের পোস্টার ছেঁড়ার অভিযোগ

পেজ দ্যা নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নের দক্ষিণ মাগুরী এলাকায় জামায়াতে ইসলামীর মনোনীত লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. রেজাউল করিমের নির্বাচনী পোস্টার ও ফেস্টুন ছেঁড়ে ফেলা এবং কাদা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় জামায়াত নেতারা অভিযোগ করেন, “যদি তৃতীয় কোনো পক্ষ এ ঘটনা ঘটায়, তাহলে বিএনপি প্রার্থী এ্যানি চৌধুরীর পোস্টারে কাদা কেন ছোঁড়া হয়নি? কেন শুধুই ড. রেজাউল করিমের পোস্টারই লক্ষ্যবস্তু?”

অভিযোগকারীদের মধ্যে রয়েছেন—

জামাতের আমির আলাউদ্দিন আল আজাদ এবং ইউনিয়ন জামাত সেক্রেটারি জাহিদ হোসাইন।

এর আগে একই এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী এ্যানি চৌধুরীর নির্বাচনী গেটকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জামায়াত সমর্থকদের তর্কবিতর্কের ঘটনা ঘটে।

জামায়াত সমর্থক হারুন কাজীর অভিযোগ, গেটের সৌন্দর্যের অজুহাতে তার চালতা গাছের ডাল কেটে ফেলে স্থানীয় বিএনপি নেতারা। পরে তাকে নিজের খেজুর গাছ কাটতে চাপ দেওয়াসহ রাজি না হওয়ায় বিএনপি নেতা লোকমান কাজী ও টুটুল তাকে গালাগালি করেন এবং রাতে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেন।

অভিযোগ উঠেছে, লোকমান কাজী সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত জামায়াত ও ড. রেজাউল করিমকে নিয়ে ব্যঙ্গাত্মক ও আক্রমণাত্মক পোস্ট করে আসছেন।

ঘটনার পর এলাকায় দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে অভিযুক্ত বিএনপি নেতারা এখনো এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য দেননি।