প্রকাশকাল: ১৪ ডিসেম্বর ২০২৫
ডাউনলোড: ১০ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

মেডিকেল ভর্তিতে এক-তৃতীয়াংশ সেকেন্ড টাইমার, প্রকাশিত হলো ফলের পরিসংখ্যান

পেজ দ্যা নিউজ ডেস্ক

ডেস্ক রিপোর্ট: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবছর মোট পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। মেধা ও পছন্দক্রম অনুযায়ী প্রাথমিকভাবে পাঁচ হাজার ৬৪৫ জন পরীক্ষার্থীকে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।

ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, নির্বাচিত পরীক্ষার্থীদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশই সেকেন্ড টাইমার। অর্থাৎ তারা আগেও মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচিতদের মধ্যে এক হাজার ৭০৭ জন সেকেন্ড টাইমার শিক্ষার্থী রয়েছেন। এছাড়া ৮৮ জন পরীক্ষার্থী গত বছর বিভিন্ন সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত ছিলেন।

এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে তিন হাজার ৮৫০ জন ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এতে বোঝা যাচ্ছে, সদ্য এইচএসসি পাস করা শিক্ষার্থীদের পাশাপাশি আগের বছরগুলোর শিক্ষার্থীরাও উল্লেখযোগ্য হারে সাফল্য অর্জন করেছেন।

ভর্তি পরীক্ষার সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী, এ বছর পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন এক লাখ ২২ হাজার ৬৩২ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন এক লাখ ২০ হাজার ৪৪০ জন, যা মোট আবেদনকারীর ৯৮ দশমিক ২১ শতাংশ। অনুপস্থিত ছিলেন দুই হাজার ১৯২ জন পরীক্ষার্থী। এছাড়া পরীক্ষাকালে অসদুপায় অবলম্বনের দায়ে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

মোট পাশ করা পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৬৪২ জন। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী রয়েছেন ৩১ হাজার ১২৮ জন, যা মোট পাসকারীর ৩৮ দশমিক ১৩ শতাংশ। অপরদিকে নারী পরীক্ষার্থীর সংখ্যা ৫০ হাজার ৫১৪ জন, যা শতকরা ৬১ দশমিক ৮৭ ভাগ।

সংশ্লিষ্টরা বলছেন, মেডিকেল ভর্তিতে সেকেন্ড টাইমারের সংখ্যা বাড়ার বিষয়টি পরীক্ষার প্রতিযোগিতা এবং প্রস্তুতির গভীরতারই প্রতিফলন।