প্রকাশকাল: ১৯ জানুয়ারি ২০২৬
ডাউনলোড: ২৭ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

এনসিপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ!

পেজ দ্যা নিউজ ডেস্ক

প্রতিবেদক – শাহীনুল হক: ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ১০ দলীয় জোটভুক্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী দিলশান পারুলের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধা ও স্থানীয় এলাকাবাসী।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এসময় হাতে হাত ধরে সাভার ও আশুলিয়ার প্রায় পাঁচ শতাধিক এলাকাবাসী স্বতস্ফুর্তভাবে এতে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা ঢাকা-১৯ আসনের এনসিপি মনোনীত প্রার্থী দিলশান পারুলকে আওয়ামী লীগের দোসর, ইসলাম বিদ্বেষী ও শাহাবাগী নেত্রী আখ্যা দিয়ে তার প্রার্থীতা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন আশুলিয়া ভয়েস অফ জুলাই এর আহ্বায়ক মো. মোস্তফা কামাল মুকুলসহ অন্যান্যরা।

ঢাকা-১৯ আসনের এনসিপি মনোনীত প্রার্থী দিলশান পারুলের মনোনয়নপত্র অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ঢাকা-১৯ আসনের সাধারণ মানুষ এমন কাউকে প্রার্থী হিসেবে দেখতে চায় না, যার বিরুদ্ধে শাহাবাগী ও ইসলাম বিদ্বেষীসহ বিভিন্ন বিতর্কিত ভূমিকার অভিযোগ রয়েছে।

তাদের মতে, এ ধরনের প্রার্থী মনোনয়ন দেওয়ায় জনমনে নেতিবাচক বার্তা যাচ্ছে। অবিলম্বে তার মনোনয়নপত্র প্রত্যাহার করা না হলে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধের কঠোর হুশিয়ারী দেন বক্তারা।