প্রকাশকাল: ৬ মার্চ ২০২৬
ডাউনলোড: ২৭ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

ইসলাম ভ্রাতৃত্ব, সহমর্মিতা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা দেয়- ব্যারিস্টার নাজিব মোমেন

পেজ দ্যা নিউজ ডেস্ক

আবু ছাহিম। সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা: দেশের উন্নয়ন এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে যাকাতের গুরুত্ব তুলে ধরে পাবনার সাঁথিয়া উপজেলা মসজিদে জুমুআর খুতবা দিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

শুক্রবার জুমার নামাজের আগে দেওয়া খুতবায় তিনি বলেন, ইসলাম মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা দেয়। আর সেই শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো যাকাত। যাকাতের মাধ্যমে সমাজের ধনী ও গরিব মানুষের মধ্যে বৈষম্য কমে আসে এবং দরিদ্র মানুষের জীবনমান উন্নত হয়।

তিনি আরও বলেন, যাকাত শুধুমাত্র একটি দান নয়, বরং এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। সঠিকভাবে যাকাত আদায় করা হলে সমাজে দারিদ্র্য অনেকটাই কমে আসতে পারে এবং অসহায় মানুষ নতুন করে বাঁচার আশা পায়।

খুতবায় তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, সামর্থ্যবান প্রতিটি মুসলমান যেন সঠিকভাবে যাকাত আদায় করেন এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। এতে শুধু ব্যক্তি নয়, পুরো সমাজ উপকৃত হবে এবং একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে উঠবে।

এ সময় তিনি দেশের উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ অনুসরণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

জুমার নামাজে স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন এবং খুতবা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।