প্রকাশকাল: ২ এপ্রিল ২০২৬
ডাউনলোড: ২৭ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

সাঁথিয়ার বিলমহিষার চর গ্রামে ভাঙাচোরা রাস্তার কারণে চরম দুর্ভোগ, এলাকাবাসীর মানবেতর জীবনযাপন।

পেজ দ্যা নিউজ ডেস্ক

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিলমহিষার চর এবং ২ নম্বর ওয়ার্ড চরপাকুড়িয়া গ্রামের মাঝখান দিয়ে পশ্চিমপাড়া থেকে পূর্বপাড়া পর্যন্ত প্রায় ২০০ মিটার সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন দুই গ্রামের সাধারণ মানুষ।

বিশেষ করে, কোনো ব্যক্তি অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে জরুরি চিকিৎসা সেবা পেতে বিলম্ব হয়, যা অনেক সময় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করে।

এছাড়া বর্তমানে পেঁয়াজ তোলার মৌসুমে শত শত বিঘা জমির পেঁয়াজ এই রাস্তা দিয়েই পরিবহন করতে হয়। কিন্তু রাস্তাটির খারাপ অবস্থার কারণে কৃষকদের বাড়তি খরচ ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অন্যদিকে, এলাকার শিশু শিক্ষার্থীরাও ঠিকমতো স্কুলে যেতে পারছে না। কাদামাটিতে ভরা এই রাস্তা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এলাকাবাসী জানান, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

তাই এলাকাবাসী দ্রুত এই রাস্তার সংস্কার কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দায়িত্বশীল সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।