প্রকাশকাল: ৩১ মে ২০২৫
ডাউনলোড: ২৬ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

২১ বছর পর কিশোরগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন আজ!

পেজ দ্যা নিউজ ডেস্ক

কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ’ এর কর্মী সম্মেলন। দলটির ইতিহাসে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ প্রায় ২১ বছর পর প্রকাশ্যে এমন একটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ২০০৪ সালে নগুয়া এলাকায় একটি ছোট পরিসরে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মাওলানা মো. ছামিউল হক ফারুকী এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ।

সম্মেলনকে ঘিরে জেলার ১৩ উপজেলার ১০৮টি ইউনিয়নজুড়ে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলা শহরকে বর্ণিল সাজে সাজানো হয়েছে, এবং মাঠজুড়ে প্যান্ডেল ও চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র জেলা শহরেই অর্ধশত তোরণ নির্মাণ করা হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সম্মেলনে উপস্থিত নেতারা জানান, সম্মেলনের মাধ্যমে কর্মীদের বার্তা দেওয়া হবে, বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায়, জনগণের অধিকার কীভাবে প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে একটি দিকনির্দেশনা দেওয়া হবে।

জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর অধ্যাপক মো. রমজান আলী বলেন, ‘দীর্ঘ প্রায় ২১ বছর আমরা জনসম্মুখে জামায়াতে ইসলামী বাংলাদেশের কোনো কর্মসূচী নিয়ে মাঠে থাকতে পারি নাই। বিশেষ করে বিগত ১৫ বছর আমরা কারারুদ্ধ ছিলাম। মামলা, হামলা, গুম, খুন উপেক্ষা করে আমরা কিশোরগঞ্জের রাজনীতিতে সক্রিয় ছিলাম। আমাদের মতো করে আমরা কাজ করেছি। জনগণের কাছে আমরা সংগঠনের দাওয়াত নিয়ে গিয়েছি। কিশোরগঞ্জের অগ্রগতি ও উন্নয়নের জন্য আমরা কাজ করেছি।’

সম্মেলনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য দলের নিজস্ব কর্মীবাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে।