প্রকাশকাল: ১১ জুন ২০২৫
ডাউনলোড: ২৬ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

চাঁদপুর-১ আসনে জামায়াত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর ওপর হামলা

পেজ দ্যা নিউজ ডেস্ক

চাঁদপুর-১ (কচুয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং সম্মানিত আলেম মুহাদ্দিস আবু নছর আশরাফীর ওপর আজ এক দুঃখজনক হামলার ঘটনা ঘটেছে। কচুয়া উপজেলার ১০নং গোহাট উত্তর ইউনিয়নের নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে আয়োজিত এক জনসমাবেশে এই হামলা সংঘটিত হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয় কিছু দুর্বৃত্ত এই হামলায় জড়িত ছিল, যাদের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থক বলেও অভিযোগ উঠেছে। হামলাকারীরা আকস্মিকভাবে সভাস্থলে উপস্থিত হয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে এবং মুহাদ্দিস আবু নছর আশরাফীকে লক্ষ্য করে আক্রমণ চালায়। এসময় তাঁকে রক্ষা করতে গিয়ে জামায়াতের একজন কর্মী গুরুতর আহত হন।

এ ঘটনায় কচুয়া অঞ্চলের রাজনৈতিক পরিবেশে চরম উত্তেজনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। তারা দাবি করেছেন, যেহেতু হামলাকারীরা এলাকায় পরিচিত, তাই তাদেরকে অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

এ ঘটনায় রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, একটি গণতান্ত্রিক দেশে কোনো প্রার্থীর ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, এটি পুরো নির্বাচনি প্রক্রিয়ার ওপরই হুমকি। প্রার্থী এবং তাঁর সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচন কমিশন ও প্রশাসনের দায়িত্ব।

আহত কর্মীর চিকিৎসা চলছে, স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট মহল আশাবাদী, সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনী বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।