চট্টগ্রামে এনসিপির কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ: আহত ৪০-৪৫
চট্টগ্রামের পটিয়া থানায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৪০-৪৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন এনসিপি নেতারা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১ জুলাই) রাত ৮টার দিকে। আহতদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী ও এনসিপির মহানগর সংগঠক সাইদুর রহমান। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপঙ্কর দেকে থানায় সোপর্দ করতে গেলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের উত্তেজনা তৈরি হয়। ওসি জানান, দীপঙ্করের নামে কোনো মামলা না থাকায় তাকে গ্রেপ্তার সম্ভব নয় বলে জানানো হয়। এরপরই সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, পুলিশের নেতৃত্বে অতর্কিতে হামলা চালানো হয়। এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়, পুলিশের প্রায় ৪-৫টি গাড়ি নিয়ে পটিয়া থানায় এসে ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরের নেতৃত্বে আন্দোলনকারীদের বেধড়ক মারধর করা হয়।
এ ঘটনার প্রতিবাদে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বুধবার (২ জুলাই) পটিয়া থানার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে, পটিয়া থানার ওসি বলেন, “ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে আসা হয়। কিন্তু আন্দোলনকারীরা থানার ভেতরেই তাকে মারধরের চেষ্টা করেন, এতে উত্তেজনা দেখা দেয়।”