রৌদ্র করোটিতে পাঠে ফিরল কবিতার আড্ডা
জাতীয় গ্রন্থকেন্দ্র ও সাহিত্য সংগঠন অআকখ-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গল্প আড্ডায় বই পাঠচক্র-১০। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় গ্রন্থকেন্দ্রের সেমিনার কক্ষে আয়োজিত এ পাঠচক্রে কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ ‘রৌদ্র করোটিতে’ নিয়ে আলোচনা করেন পাঠকেরা।
প্রায় অর্ধশত পাঠকের অংশগ্রহণে আয়োজনে কবির কবিতা, ভাষাশৈলী, নাগরিক জীবন, প্রেম, দ্রোহ ও সময়চেতনার বিভিন্ন দিক উঠে আসে। নানা বয়স ও পেশার পাঠকের আলোচনার পর তাদের বিভিন্ন প্রশ্ন ও সংশয়ের উত্তর দেন অতিথি আলোচক লেখক, গবেষক ও সাংবাদিক আফসান চৌধুরী।
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় পাঠচক্র। পরে পাঠকেরা কাব্যগ্রন্থটি নিয়ে নিজেদের পাঠ-অনুভূতি ও মতামত তুলে ধরেন।
আলোচনায় বর্তমান প্রজন্মের পাঠাভ্যাস, বিশেষ করে শিক্ষার্থীদের বই ও কবিতার প্রতি আগ্রহ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন অআকখ-এর মুখ্য সংগঠক শেখ ফাতিমা পাপিয়া। তিনি বলেন, পাঠাভ্যাসের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে নিয়মিত পাঠচক্র আয়োজন জরুরি। এ লক্ষ্যেই অআকখ দেশের পাঁচটির বেশি জেলা শহরে পাঠচক্র আয়োজন করছে।