প্রকাশকাল: ১ ফেব্রুয়ারি ২০২৬
ডাউনলোড: ১৫ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

চট্টগ্রাম-১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থীর প্রচারণা স্থগিত করলো এনসিপি

পেজ দ্যা নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থীর প্রচারণা স্থগিতের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জোটের শরিক দল জামায়াতে ইসলামীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টায় আনোয়ারার কালাবিবির দিঘিরপাড় এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জুবাইরুল আলম মানিক। সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপির চট্টগ্রাম-১৩ আসন শাখা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী–চাঁদগাঁও) আসনে ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী এনসিপির পক্ষ থেকে জুবাইরুল হাসান আরিফকে প্রার্থী ঘোষণা করা হয়। তবে ওই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু নাসের জোটের সিদ্ধান্ত অমান্য করে নিজের প্রার্থিতা প্রত্যাহার না করে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো সমাধান না আসায় এনসিপি চট্টগ্রাম-১৩ আসনে জোটের শরিক দল জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর পক্ষে সব ধরনের প্রচার-প্রচারণা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনসিপির প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবীবুল্লাহ, সদস্য সাহেদুর রহমান শাহেদ, ইরফান মাহমুদ, মো. আকাশ নুর, জহির উদ্দিন চৌধুরী হিমেল, কর্ণফুলী উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সানাউল্লাহ মির্জা এবং আনোয়ারা উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।