বছরের শেষদিকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রস্তুতি নিচ্ছে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংরক্ষিত নারী আসনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ—এই পাঁচ স্তরের নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হতে পারে। এ লক্ষ্যে নির্বাচন পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতি ও আইনি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সাংবিধানিক সংস্থাটি।
এদিকে, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বাতিল হওয়ায় নতুন বাস্তবতায় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধ করে দেয়। পরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সেই অধ্যাদেশ আইনে পরিণত করা হয়। ফলে নির্দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পথ সুগম হয়েছে।