প্রকাশকাল: ২৩ মে ২০২৬
ডাউনলোড: ২৩ মে ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

রামিসা হত্যার বিচার এক মাসের মধ্যে নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, শিশু ও নারী নির্যাতনের ঘটনায় সরকার কোনো ধরনের ছাড় দেবে না এবং রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

শনিবার (২৩ মে) বিকেলে ত্রিশাল নজরুল একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের শিশু নির্যাতনের সাহস না পায়।”

তিনি আরও বলেন, “শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। আইন অনুযায়ী দ্রুত বিচার নিশ্চিত করা হবে। নিরাপদ রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি।”

সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবি কাজী নজরুল ইসলামের নাতনি মিজ খিলখিল কাজী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলা এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আলোচনা শেষে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে ‘নজরুল পদক-২০২৫’ প্রদান করেন। পুরস্কার হিসেবে বিজয়ীদের দুই লাখ টাকা ও রৌপ্য পদক দেওয়া হয়।