প্রকাশকাল: ২ জুন ২০২৬
ডাউনলোড: ২ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আত্মপ্রকাশ

পেজ দ্যা নিউজ ডেস্ক

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্যে নতুন সংগঠন ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) আত্মপ্রকাশ করেছে।

মঙ্গলবার (২ জুন) রাজধানীতে দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা এ কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেন। বৈঠকে যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান-কে আহ্বায়ক এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান-কে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, হাসান হাফিজ, আবদুল হাই শিকদার, মারুফ কামাল খান সোহেল, আযম মীর শাহীদুল আহসান, মোকাররম হোসেন, শফিকুল আলম, শহীদুল ইসলাম, শান্তনু ইসলাম সুমিত, ওসমান গনি মনসুর এবং মুকতাবিস উন নূর।

বৈঠকে সম্পাদকরা মত দেন, দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও নানা সীমাবদ্ধতার কারণে সংবাদমাধ্যমে যে অবক্ষয় সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে উঠতে সম্পাদকদের একটি কার্যকর ও স্বাধীন প্ল্যাটফর্ম প্রয়োজন। সেই লক্ষ্যেই এনইসি গঠন করা হয়েছে।

সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ এবং শিগগিরই জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকদের অংশগ্রহণে একটি জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।