প্রকাশকাল: ৩ জুন ২০২৬
ডাউনলোড: ৩ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

দুই বছর দাম না বাড়ানোর আশ্বাসের তিন মাস পরই বিদ্যুতের মূল্যবৃদ্ধি করলো সরকার

মোঃ আব্দুল কাইয়ুম

মাত্র তিন মাস আগে আগামী দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর আশ্বাস দিয়েছিল সরকার। তবে সেই ঘোষণার অল্প সময়ের মধ্যেই পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ বিদ্যুৎ ও জ্বালানি খাত-সংশ্লিষ্ট এক বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, আগামী দুই বছরে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হবে না। বরং সিস্টেম লস ও বিদ্যুৎ চুরি কমিয়ে আর্থিক ঘাটতি নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে।

কিন্তু ৩ জুন ২০২৬ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন বিদ্যুৎ মূল্য ঘোষণা করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রায় ১৯ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং সঞ্চালন চার্জ প্রায় ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। বিভিন্ন স্ল্যাবের গ্রাহকদের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার সর্বনিম্ন ১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, নতুন মূল্য জুন মাস থেকেই কার্যকর হবে। ফলে গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের খুচরা মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৬৩ পয়সা হয়েছে। অন্যদিকে পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ৭ টাকা থেকে বেড়ে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সঞ্চালন খরচও বৃদ্ধি পেয়েছে। প্রতি ইউনিট বিদ্যুতের গড় সঞ্চালন চার্জ ৩১ পয়সা থেকে প্রায় ৩৯ পয়সায় উন্নীত করা হয়েছে।

মূল্যবৃদ্ধির বিষয়ে সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, এ সিদ্ধান্তে কোনো ধরনের চাপ ছিল না; বাজেটকে সামনে রেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের ব্যয় কতটা বাড়বে, সে বিষয়ে কোনো অর্থনৈতিক মূল্যায়ন করা হয়নি বলেও তিনি স্বীকার করেন।

এদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) তাদের আবেদনে জানিয়েছিল, ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনে সম্ভাব্য ব্যয় প্রায় ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা ছাড়াতে পারে। উৎপাদন ব্যয়ের ভিত্তিতে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য প্রায় ১২ দশমিক ৯১ টাকা হতে পারে বলে সংস্থাটি উল্লেখ করে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশের মাধ্যমে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছিল। নতুন ঘোষণার ফলে আবারও বিদ্যুতের ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ গ্রাহক ও ব্যবসায়ী মহলে আলোচনা শুরু হয়েছে।