প্রকাশকাল: ১২ জুন ২০২৬
ডাউনলোড: ১২ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

আদ দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ: শিশির মনির

পেজ দ্যা নিউজ ডেস্ক

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়নি, বরং প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে দাবি করেছেন হাসপাতালটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি তুলে ধরেন।

পোস্টে শিশির মনির বলেন, আদ্-দ্বীন হাসপাতালের নামে পৃথক একটি লাইসেন্স রয়েছে, যা হাসপাতাল বা ক্লিনিক পরিচালনার জন্য ইস্যু করা হয়েছে। এই লাইসেন্সের নম্বর HSM 4310058। অন্যদিকে প্যাথলজি সেন্টার পরিচালনার জন্য আলাদা লাইসেন্স রয়েছে, যার নম্বর HSM 4310059।

তার দাবি অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ৪ জুন একটি কারণ দর্শানোর নোটিশ জারি করে, যেখানে প্যাথলজি সেন্টারের লাইসেন্স নম্বর উল্লেখ করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়। পরবর্তীতে জবাব দাখিলের পর সংশ্লিষ্ট লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ রাখা হয়।

শিশির মনির তার পোস্টে প্রশ্ন তুলে বলেন, “হাসপাতালের লাইসেন্স নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে— এটি অবহেলা নাকি সচেতন সিদ্ধান্ত, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষই ভালো বলতে পারবে।”

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।