রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত
রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হলে নগরবাসীর মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার মিরপুর এলাকার প্রায় ৭ কিলোমিটারের মধ্যে।
হঠাৎ ভূকম্পন অনুভূত হওয়ায় অনেকেই সতর্কতাস্বরূপ বাসা, অফিস ও বিভিন্ন ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে রাজধানীর পাশাপাশি দেশের আরও কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ভূমিকম্পের পর সাধারণ মানুষের মধ্যে কিছুটা উৎকণ্ঠা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে