শেখ মুজিব হলের নাম পরিবর্তনে ‘গড়িমসি’, সিনেট থেকে ওয়াকআউট সাদিক ফরহাদদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় থাকা শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের সদস্যদের নামে নামকরণ পরিবর্তনের দাবি এবং শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত না হওয়ায় সিনেট অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন ডাকসুর প্রতিনিধি দল।
সোমবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে এ ঘটনা ঘটে। ওয়াকআউট করেন সিনেট সদস্য ও ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ ডাকসুর প্রতিনিধিরা।
উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম জানান, চলতি বছরের জানুয়ারিতে এ-সংক্রান্ত একটি প্রস্তাব সিন্ডিকেট থেকে সিনেটে পাঠানো হলেও তখন কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, বিধি অনুযায়ী সিন্ডিকেটকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। বিষয়টি আবারও সিন্ডিকেটে পাঠানো হবে।
অধিবেশনে সিনেট সদস্য ও সংসদ সদস্য ফজলুল হক মিলন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আবাসিক হলের নামকরণের প্রস্তাব দেন। তিনি বলেন, জাতীয় কবির স্মৃতি ধারণে বিশ্ববিদ্যালয়ে একটি স্থায়ী নিদর্শন থাকা উচিত।
ওয়াকআউট শেষে সংবাদ সম্মেলনে ডাকসু ভিপি সাদিক কায়েম প্রশ্ন তোলেন, শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তনে কেন বিলম্ব হচ্ছে।
ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, হলের নতুন নাম কী হবে, তা নিয়ে তাদের অনড় অবস্থান নেই। তবে বর্তমান নাম পরিবর্তনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত প্রত্যাশা করেছিলেন তারা। অন্যান্য বিশ্ববিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠানে নাম পরিবর্তনের নজির উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি আবার সিন্ডিকেটে পাঠানো অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতা সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত না হওয়ায় তারা প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিবাচক সিদ্ধান্ত নিলে সে বিষয়ে তাদের অবস্থান জানানো হবে।