প্রকাশকাল: ৩০ জুন ২০২৬
ডাউনলোড: ৩০ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

চট্টগ্রাম ৪ আসন: ঋণখেলাপির দায়ে বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল

এম. ইউসুফ মাহমুদ

ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ও বেসরকারিভাবে বিজয়ী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ না করার নির্দেশ বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। ফলে চট্টগ্রাম-৪ আসনের নির্বাচনের ফলাফল আর প্রকাশ করা যাবে না।

এর আগে ঋণখেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন আপিলে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংক আদালতে গেলে হাইকোর্ট রিট খারিজ করে দেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে। একই সঙ্গে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীও লিভ টু আপিল করেন।

গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন।

পরবর্তীতে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হন। তবে আদালতের নির্দেশে তার ফলাফল প্রকাশ স্থগিত ছিল। সর্বশেষ আপিল বিভাগের রায়ে তার প্রার্থিতা বাতিল হওয়ায় ফলাফল প্রকাশের সুযোগও শেষ হলো।

আদালতে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। অন্যদিকে আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।