প্রকাশকাল: ২৭ জুলাই ২০২৬
ডাউনলোড: ২৭ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

তিন মাস পর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল

পেজ দ্যা নিউজ ডেস্ক

প্রায় তিন মাস পর রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে নির্ধারিত কয়েকটি শর্ত সাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পুনরায় পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষর রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাসপাতালটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে পূর্বের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

তবে হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে সরকার তিনটি শর্ত আরোপ করেছে। এর মধ্যে রয়েছে— ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর বিধান যথাযথভাবে অনুসরণ করা, লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ সম্পন্ন করা এবং ভবিষ্যতে নির্ধারিত শর্ত লঙ্ঘন না করা।

প্রজ্ঞাপনে আরও সতর্ক করে বলা হয়েছে, আরোপিত শর্তাবলি প্রতিপালনে ব্যর্থ হলে সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।