পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার পর এবার নৌকাকাণ্ড, বিতর্কে এনসিটিবি
২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার প্রাথমিকের তিন শ্রেণির পাঠ্যবইয়ে নৌকার ছবির আধিক্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে। প্রথম ও তৃতীয় শ্রেণির বাংলা এবং দ্বিতীয় শ্রেণির ইংরেজি বইয়ে নৌকার ছবি ব্যবহার নিয়ে শিক্ষাবিদ ও অভিভাবকদের মধ্যে প্রশ্ন উঠেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মুদ্রিত প্রথম শ্রেণির বাংলা বইয়ে অন্তত ৩০টি এবং তৃতীয় শ্রেণির বাংলা বইয়ে ২৪টির বেশি নৌকার ছবি রয়েছে। এ ছাড়া দ্বিতীয় শ্রেণির ইংরেজি বইয়ের বিভিন্ন পাতায়ও নৌকার ছবি দেখা গেছে। এসব ছবি ব্যবহারের কারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা চলছে।
শনিবার (২৪ অক্টোবর) এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দ্বিতীয় শ্রেণির ইংরেজি বইয়ের বিষয় বিশেষজ্ঞ ও এনসিটিবির কর্মকর্তা আফসানা আইয়ুব। তিনি বলেন, পরিমার্জন কমিটি যেভাবে পরামর্শ দিয়েছে, সেভাবেই বইয়ের কাজ হয়েছে। এর বেশি বলা তাঁর পক্ষে সম্ভব নয়।
বইগুলো পরিমার্জনের সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক এবং পাঠ্যপুস্তক বোর্ডের শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ভূমিকা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন অভিভাবকদের অনেকে।
এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রক মোহাম্মদ লুৎফর রহমান গণমাধ্যমকে বলেন, বইগুলোর মুদ্রণ ও বিতরণ ইতোমধ্যে শতভাগ সম্পন্ন হয়েছে।
এর আগে ২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ অধ্যায়ে জ্ঞানের পিরামিডের সর্বোচ্চ স্তর ‘প্রজ্ঞা’ বোঝাতে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার করা নিয়ে বিতর্ক তৈরি হয়। ওই পিরামিডে নিচ থেকে ওপরের দিকে উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—এই চারটি স্তর দেখানো হয়েছে। প্রতিটি স্তর বোঝাতে আলাদা প্রতীক ব্যবহার করা হয়। উপাত্তের স্তরে বৃত্তাকার প্রতীক, তথ্যের স্তরে পরমাণু বা নেটওয়ার্কের মতো প্রতীক, জ্ঞানের স্তরে মানুষের মস্তিষ্ক এবং প্রজ্ঞার স্তরে দাঁড়িপাল্লার ছবি রাখা হয়েছিল।
দাঁড়িপাল্লার ছবি নিয়ে বিতর্কের পর গত বৃহস্পতিবার রাতে বইটির মুদ্রণকাজ বন্ধ রাখা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ে পাঠানো বই সংগ্রহ করে প্রতীক পরিবর্তনের পর পুনরায় বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। এ ঘটনায় প্রায় ৩৮ লাখ কপি বই বাতিল হতে পারে বলেও জানা গেছে।
এনসিটিবি সূত্রে আরও জানা গেছে, আইসিটি বইয়ে দাঁড়িপাল্লার ছবি ব্যবহারের কারণ ব্যাখ্যা করতে সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞকে বলা হয়েছে।
প্রাথমিকের বইগুলোতে নৌকার ছবি ব্যবহারের বিষয়ে এনসিটিবির পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।