আগামী চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরির ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের
আগামী চার বছরে দেশে ২৫ হাজার নতুন উদ্যোক্তা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগ্রহী নারী ও পুরুষদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এসএমই ফাউন্ডেশন ইতিমধ্যে ‘এসএমই সৃষ্টি’ নামে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান জানান, ‘এসএমই সৃষ্টি’ কর্মসূচির আওতায় আগামী চার বছর দেশের ৬৪টি জেলায় প্রতি বছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরি করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সামনের চার বছরে ২৫ হাজারেরও বেশি নতুন উদ্যোক্তা সৃষ্টি করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই খাতের অগ্রগতি ছাড়া সার্বিক অর্থনৈতিক উন্নয়ন অর্জন করা সম্ভব নয় এবং এসএমই খাতের নানা বাধা দূর করতে সরকার কাজ করে যাচ্ছে।
সরকারপ্রধান আরও জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি উদ্যোক্তাদের সামর্থ্য ও দক্ষতা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এসএমই খাতের প্রসারে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার স্থাপন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে অনুষ্ঠিত মেলায় তাঁদের অংশগ্রহণের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিল্প মন্ত্রণালয় এই মেলার আয়োজন করেছে। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।