নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় আপত্তিকর অবস্থায় দুই শিক্ষার্থীকে আটক করেছে প্রোক্টরিয়াল বডি। বৃহস্পতিবার (২০নভেম্বর)রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রোক্টরিয়াল সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৭তম ব্যাচের দুই শিক্ষার্থী—নাজমুল হাসান জনি ও প্রিয়া দেবী—কে ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় আপত্তিকর অবস্থায় দেখে প্রোক্টরিয়াল টিম তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “শিক্ষার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মুচলেকা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
এদিকে ক্যাম্পাসে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের একটি অংশ প্রশ্ন তুলেছে। তারা বলছে, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখালেও প্রশাসনিক তদারকি বাড়ানো প্রয়োজন।
এ বিষয়ে একজন সাধারণ শিক্ষার্থী বলেন, “এ ধরনের ঘটনায় শুধু মুচলেকা যথেষ্ট কি না—সেটি নিয়ে প্রশ্ন আছে। ক্যাম্পাসের পরিবেশ শৃঙ্খলাপূর্ণ রাখার জন্য আরও কার্যকর ব্যবস্থা প্রয়োজন।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি পর্যালোচনা করে ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

