বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনয়ন পেলেন সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান । বিএনপি ঘোষিত ৩৬ জন চুড়ান্ত মনোনয়নপ্রাপ্তের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ সেলিমা রহমান।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, শ্রম মেধা ও যোগ্যতার মূল্যায়নে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে এবারের সংরক্ষিত নারী আসনের মনোনয়নে সেলিমা রহমানকে বিশেষ সম্মান ও গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বিএনপি সরকারের ২০০১–২০০৬ মেয়াদে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে সফলতা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
এছাড়াও তিনি বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিগত ও পারিবারিক পরিচয়েও তিনি সমৃদ্ধ। বাবুগঞ্জ উপজেলার ৩ নং দেহেরগতি ইউনিয়নের বাহেরচর গ্রামের কৃতি সন্তান সেলিমা রহমান সাবেক স্পিকার ও বিচারপতি ও মরহুম আব্দুল জব্বার খান-এর কন্যা।
রাজনৈতিক পরিবারের উত্তরসূরি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
এদিকে, সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে ৩৬ জনের চুড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করেন।
এর আগে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের এ মনোনয়ন তালিকা নির্বাচন কমিশনে পাঠানোর পর সংবিধান অনুযায়ী পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে সেলিমা রহমানের মনোনয়ন বিএনপির জন্য ইতিবাচক বার্তা বহন করছে এবং আগামী জাতীয় সংসদে দলটির অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়ক হতে পারে।
এদিকে, সেলিমা রহমানকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন চূড়ান্ত করায় অভিনন্দন জানিয়েছেন ইসরত হোসেন কচি তালুকদার, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাবুগঞ্জ উপজেলার সাবেক সভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য।
প্রকাশক ও সম্পাদকঃ রাইহান উদ্দিন এবং নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল কাইয়ুম মিয়াজী কর্তৃক গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত। ইমেইলঃ pagethenews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ “পেজ দ্যা নিউজ” কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত। © ২০২৫