প্রকাশকাল: ১৭ মে ২০২৬
ডাউনলোড: ১৭ মে ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

পেজ দ্যা নিউজ ডেস্ক

নোয়াখালীর সুবর্ণচরে এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

অভিযুক্ত মো. আবদুস সামাদ ওরফে ডাক্তার সামাদ স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে সরকারি চাল অবৈধভাবে মজুদ করে রাখা হচ্ছিল। পরে সুযোগ বুঝে এসব চাল বাজারে বেশি দামে বিক্রি করা হতো।

স্থানীয়রা জানান, সকালে বিষয়টি টের পেয়ে তারা আবদুস সামাদের বাড়িতে গিয়ে একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা দেখতে পান। পরে প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হলে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেন। উদ্ধার করা চাল চরজব্বার ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে আবদুস সামাদ বলেন, “আমার ছোট ভাই ডাক্তার আজগর একজন ডিলার। নূরানী মাদরাসার জন্য সরকারি বরাদ্দের চাল তিনি কিনে এনেছেন। পরে সেগুলো বাড়িতে রাখা হয়েছিল।”

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে চালগুলো উদ্ধার করা হয়েছে। চাল কেনার বৈধ কাগজপত্র আছে কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”