প্রকাশকাল: ৩০ মে ২০২৬
ডাউনলোড: ৩০ মে ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

মসূয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হাসান আল মামুন!

নিজস্ব প্রতিবেদক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৭নং মসূয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও মসূয়া ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি হাসান আল মামুনের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩০ মে) কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক জনশক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মিলনমেলায় জেলার বিভিন্ন পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় হাসান আল মামুনের নাম ঘোষণা করা হলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির, সেক্রেটারিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

তবে এ ঘোষণাকে ঘিরে স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ, এর আগে মসূয়া ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে চেয়ারম্যান পদে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল ইউনিয়ন জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন সরকারকে।

এদিকে ইউনিয়ন ও উপজেলা জামায়াতের পক্ষ থেকে এখনো চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়নি। ফলে ছাত্রশিবিরের জনশক্তি মিলনমেলায় হাসান আল মামুনের নাম ঘোষণার বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ের নেতাদের উপস্থিতিতে এ ঘোষণা গুরুত্বপূর্ণ বার্তা বহন করলেও আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এখনো বাকি রয়েছে।

এ বিষয়ে মসূয়া ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, দলীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।