প্রকাশকাল: ৩১ মে ২০২৬
ডাউনলোড: ৩১ মে ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

নিকলীতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

আল-আমিন হাসান

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা, ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ এবং ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে নিকলী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।

রোববার (৩১ মে) বাদ আসর উপজেলার নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

নিকলী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মো. মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান এবং উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম মেম্বার।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা-উত্তর বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা, বহুদলীয় গণতন্ত্রের চর্চা পুনরুদ্ধার, আইনের শাসন নিশ্চিতকরণ এবং জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র, আত্মনির্ভরশীলতা এবং জনগণের ক্ষমতায়ন।

বক্তারা আরও বলেন, নাগরিক অধিকার সংরক্ষণ, জবাবদিহিমূলক প্রশাসন, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়নমুখী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শহীদ জিয়ার চিন্তাধারা আজও প্রাসঙ্গিক। তাঁর আদর্শ ও কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় নেতারা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার প্রতিষ্ঠা, রাজনৈতিক সহনশীলতা এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন ও জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তাপস সাহা অপু, সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সোহেল, জেলা যুবদলের সদস্য কামরুল হাসান, জাসাসের সাবেক সভাপতি মো. মিয়া হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কামরুল আহসান স্বাধীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কারার ইকতার আহমেদ আরিফ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক হামিদুর রহমান সবুজ, উপজেলা ওলামা দলের সদস্য সচিব নুরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈকত কবীর নাদিম, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক সাজু, মো. সাহের উদ্দিন মেম্বার ও মেহেদী হাসান মুক্তারসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানের শেষপর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মিলাদ, মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।