ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর জামায়াতের হামলা, আহত ২
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে হামলার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৩ জুন) সকালে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের একটি বিক্ষোভ মিছিল শেষে ব্রিফিং চলাকালে এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, বাগবিতণ্ডার একপর্যায়ে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী এবং দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরকে মারধর করা হয়। এতে তারা আহত হন।
জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বক্তব্য চলাকালে কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে উপস্থিত নেতাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় সাংবাদিকদের ‘আওয়ামী দোসর’ বলে মন্তব্য করা হলে কয়েকজন সাংবাদিক এর প্রতিবাদ জানান। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত সাংবাদিকদের মধ্যে একজনের মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। পরে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
এ বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, “আমাদের কর্মসূচিতে বহিরাগতরাও ঢুকে গিয়ে এমন কাজ করতে পারে।”
ঘটনার পর সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি নিয়ে গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।