প্রকাশকাল: ২৩ জুন ২০২৬
ডাউনলোড: ২৩ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

ঢাকা উত্তর সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম দক্ষিণে সাদিক

পেজ দ্যা নিউজ ডেস্ক

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে আটটিতে মেয়র প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২২ জুন) দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, প্রাথমিকভাবে নির্ধারিত প্রার্থীদের নাম এখনো চূড়ান্ত নয়। জামায়াতের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিশে শুরার অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

প্রাথমিকভাবে চূড়ান্ত হওয়া প্রার্থীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাবেক ডাকসু ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) রয়েছেন।

এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুরে হাফিজুর রহমান, বরিশালে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, রংপুরে মহানগর আমির এ টি এম আজম খান, খুলনায় মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জে মহানগর আমির মোহাম্মদ আবদুল জব্বারকে মেয়র পদে মনোনয়নের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।

তবে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা এবং নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের মেয়র প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। এসব সিটিতে সম্ভাব্য একাধিক প্রার্থীর বিষয়ে দল পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মজলিশে শুরা। পরবর্তী বৈঠকে প্রার্থীদের নাম অনুমোদন ও ঘোষণা করা হতে পারে।

নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের মতো জামায়াতও মাঠপর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে বলে দলীয় সূত্রে জানা গেছে।