প্রকাশকাল: ৮ জুলাই ২০২৬
ডাউনলোড: ৮ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

ডা. কামাল উদ্দিন সরকারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৭ নং মসূয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. কামাল উদ্দিন সরকারের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত এ সভায় মসূয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ জনগণ অংশ নেন। এছাড়া স্থানীয় জামায়াতের ওয়ার্ড পর্যায়ের কয়েকজন নেতাকর্মীকেও উপস্থিত থাকতে দেখা যায়।

সভায় ডা. কামাল উদ্দিন সরকার সম্ভাব্য নির্বাচনী পরিকল্পনা ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন এবং নির্বাচন নিয়ে উপস্থিত ভোটারদের মতামত ও পরামর্শ চান। এ সময় উপস্থিত অনেকেই তার পক্ষে নির্বাচনী কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, ডা. কামাল উদ্দিন সরকার মসূয়া ইউনিয়ন জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। প্রাথমিকভাবে তিনি জামায়াতের মনোনয়ন পেলেও পরে দলটি কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও মসূয়া ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি হাসান আল মামুনকে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়।

এরপরও ডা. কামাল উদ্দিন সরকার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। একাংশ দলীয় প্রার্থী হাসান আল মামুনের পক্ষে অবস্থান নিলেও, অন্যদিকে বড় একটি অংশকে ডা. কামাল উদ্দিন সরকারের পক্ষে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।

স্থানীয় ভোটারদের একাংশের মতে, একই রাজনৈতিক ধারার দুই প্রার্থীর সক্রিয় প্রচারণার কারণে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।