প্রকাশকাল: ২ আগস্ট ২০২৬
ডাউনলোড: ১ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় ইসলামী ছাত্র আন্দোলন নেতা আটক

পেজ দ্যা নিউজ ডেস্ক

গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার দাবি করেছেন স্থানীয়রা। পরে এলাকাবাসীর উপস্থিতিতে ওই তরুণীর সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে তার বিয়ে সম্পন্ন হয় বলে জানা গেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মাহ্ফুজ সরকার রাকিব।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোলদহ (সৈয়দপুর) গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের বাড়িতে যান মাহ্ফুজ সরকার রাকিব। এ সময় স্থানীয়রা তাকে ওই বাড়িতে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে আটক করেন বলে দাবি করা হয়। পরে স্থানীয়দের মধ্যস্থতায় আব্দুল জলিলের মেয়ে জুই আক্তারের সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে তার বিয়ে সম্পন্ন হয়।

তবে মাহ্ফুজ সরকার রাকিব অভিযোগ অস্বীকার করে বলেন, শুক্রবার পারিবারিকভাবেই তার বিয়ে সম্পন্ন হয়েছে। তার দাবি, আগের রাতে উভয় পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে বিয়ের বিষয়ে আলোচনা হয় এবং সে কারণেই তিনি কনের বাড়িতে অবস্থান করছিলেন। পরদিন সকালে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়।

তিনি আরও বলেন, কিছু ব্যক্তি গোপনে ভিডিও ধারণ করে তার আংশিক ও খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছেন। প্রচারিত ভিডিওগুলো বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।