প্রকাশকাল: ৫ আগস্ট ২০২৬
ডাউনলোড: ৫ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

মাদারগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

আশিকুর রহমান

জামালপুরের মাদারগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষা এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিশাল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় বালীজুড়ী বাজারের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​উপজেলা জামায়াতে ইসলামীর আমির নুরুল আমিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফরহাদ হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমির শাহীন আক্তার পিটার। সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান সাদী, জামায়াতের পৌর আমির আতিকুর রহমান সেলিম, যুব জামায়াতের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং জাতীয় নাগরিক পার্টির জামালপুর জেলা ছাত্রশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকি প্রমুখ।

​সমাবেশে মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নুরুল আমিন বলেন, “আজকের এই ৫ই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছিল। ১৪ শত শহীদ ও ৩০ হাজারের বেশি আহত ভাই-বোনের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সাধারণ জনগণ আজও তার প্রকৃত সুফল পায়নি। ৫ই আগস্টের বিপ্লবের পর বর্তমান সরকারও ধীরে ধীরে স্বৈরাচারী মনোভাব প্রদর্শন করছে। গণভোট ও জুলাই সনদের যে রূপরেখা ছিল, তা বাস্তবায়নে সরকার গড়িমসি করে জনগণের সাথে চরম প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করছে।”

​তিনি আরও বলেন, “বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একসময় বলেছিলেন এই আন্দোলন নাকি শুধু ছাত্রদের, তাদের নাকি কোনো সম্পৃক্ততা ছিল না। অথচ এখন তারা আন্দোলনে নিজেদের একক অবদান বলে দাবি করছেন! আমরা স্পষ্ট করে বলতে চাই—এই ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ছিল এ দেশের সর্বস্তরের আপামর জনতা। সরকার যদি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন না করে, তবে রাজপথের কঠোর আন্দোলনের মাধ্যমেই তা বাস্তবায়নে বাধ্য করা হবে।”

​সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি বালীজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক দিয়ে প্রদক্ষিণ করে পুনারায় শহীদ মিনারে এসে শেষ হয়। পরবর্তীতে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

​উক্ত সমাবেশ ও গণমিছিলে মাদারগঞ্জ উপজেলার ১১ দলীয় ঐক্যের ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।