জুলাই গণঅভ্যুত্থান দিবসে লক্ষ্মীপুরে ১১ দলীয় জোটের গণমিছিল
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের উত্তর স্টেশন আফনান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একটি গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ স্টেশনের মাসরুর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের ঘটনায় হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে এবং জনগণের রায় বাস্তবায়ন করতে হবে। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, জনগণের দাবিকে উপেক্ষা না করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ।
এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি আবু খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ, এনসিপির জেলা সদস্য সচিব অ্যাডভোকেট শামসুজ্জামান সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা সহ-সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফারুক হোসাইন নূর নবী, অধ্যাপক আব্দুর রহমান, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারীসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।