রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় কুড়িগ্রামে আনন্দ মিছিল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রামের কৃতী সন্তান অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলটির গঠনতন্ত্রের ৭(খ)৬ ধারা অনুযায়ী ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টায় কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে শহরের শাপলা চত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মিলি কায়কোবাদ, জেলা ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক সোহেল রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, কুড়িগ্রামের কৃতী সন্তান রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় এটি কুড়িগ্রামবাসীর জন্য গৌরবের বিষয়। এ জন্য তারা দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানান।
বক্তারা আরও বলেন, বিএনপির দুঃসময়ে রুহুল কবির রিজভী দলের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং বিভিন্ন সময়ে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। তার নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা প্রত্যাশা করেন।
তারা রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বলেন, তার নেতৃত্বে বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে এবং সারাদেশে দলের কার্যক্রম নতুন গতি পাবে।