প্রকাশকাল: ২৪ আগস্ট ২০২৬
ডাউনলোড: ২৪ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আরিফুর রহমান শিমুল শিকদার

নূর হোসেন বেল্লাল (বাবুগঞ্জ প্রতিনিধি)

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আরিফুর রহমান শিমুল শিকদার। তাঁর প্রার্থিতা ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরিফুর রহমান শিমুল শিকদার বর্তমানে বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাবুগঞ্জ ডিগ্রি কলেজের দাতা সদস্য ও সাবেক ছাত্রনেতা। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে এলাকায় তাঁর জনসম্পৃক্ততা রয়েছে বলে জানান তাঁর সমর্থকরা।

তাঁর ঘনিষ্ঠজনরা জানান, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা ও শালীন রাজনৈতিক পরিবেশ বজায় রাখার বিষয়ে শিমুল শিকদার গুরুত্ব দেন।

ইউনিয়নবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকাকে তিনি অগ্রাধিকার দিতে চান।

আরিফুর রহমান শিমুল শিকদারের পরিবার দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের সঙ্গে সম্পৃক্ত। তাঁর পিতা আব্দুস সালাম শিকদার ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি তিনবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তাঁর চাচা আব্দুর রশিদ শিকদারও দীর্ঘদিন রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক এই রাজনৈতিক ও সামাজিক ঐতিহ্যকে ধারণ করেই শিমুল শিকদার এবার চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমান শিমুল শিকদার বলেন, “ইউনিয়নবাসীর প্রত্যাশা অনুযায়ী স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করতে চাই।”

তিনি বলেন, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ এবং ইউনিয়নবাসীর বিভিন্ন সমস্যা প্রশাসনের কাছে তুলে ধরার বিষয়ে তিনি গুরুত্ব দিতে চান।

তিনি আরও বলেন, “স্থানীয়দের প্রত্যাশা পূরণে যোগ্য নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়ানো, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে কাজ করে যাব।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের মতে, জনগণের প্রত্যাশা কতটা পূরণ হবে, তা নির্ভর করবে নির্বাচনী প্রক্রিয়া, ভোটারদের সিদ্ধান্ত এবং নির্বাচিত জনপ্রতিনিধির কার্যকর ভূমিকার ওপর। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি একজন জনপ্রতিনিধির জনসম্পৃক্ততা, সততা, দক্ষতা, সেবার মানসিকতা ও জবাবদিহিতাই ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হবে।

এদিকে রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আরিফুর রহমান শিমুল শিকদারের প্রার্থিতা ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁর প্রার্থিতা আগামী দিনের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করছেন স্থানীয়রা।