প্রকাশকাল: ২৯ আগস্ট ২০২৬
ডাউনলোড: ২৯ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন সুলতান সালাউদ্দিন টুকু

মোঃ শাহীনুল হক

ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন সরকারি কার্যক্রমের তদারকির দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইলের কৃতি সন্তান ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

রাজনৈতিক জীবনে দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করা সুলতান সালাউদ্দিন টুকু ছাত্ররাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ১৯৮৮-৮৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

রাজনৈতিক জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বও পালন করেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন সুলতান সালাউদ্দিন টুকু। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মামলা দায়ের করা হয় এবং তিনি কারাবরণও করেন।

ঢাকা জেলা দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন প্রকল্প এবং সরকারি কার্যক্রমের তদারকির দায়িত্বকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নতুন দায়িত্বে সুলতান সালাউদ্দিন টুকু সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব কার্যক্রমে ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এদিকে, নতুন দায়িত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা জেলা শাখার সাবেক সদস্য মুহাম্মদ সরোয়ার হোসেন ছোটন।