প্রকাশকাল: ৩০ আগস্ট ২০২৬
ডাউনলোড: ৩০ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

আবাসিক হোটেলে নারীর সঙ্গে রাতযাপনের অভিযোগ বিএনপি নেতা ‘ভাটা শহীদের’ বিরুদ্ধে

মোঃ মাহিন খান

ঝালকাঠির কাঁঠালিয়ায় স্থানীয় এক নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী, বিএনপি নেতা ও ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে ‘ভাটা শহীদের’ বিরুদ্ধে। ওই নারীকে নিয়ে পিরোজপুরের একটি আবাসিক হোটেলে রাতযাপনের অভিযোগ করেছেন তাঁর স্বজনরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন শহিদুল ইসলাম।

কাঁঠালিয়া উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের সোনার বাংলা এলাকার ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে ভাটা শহীদের বিরুদ্ধে একই এলাকার এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

ওই নারীর স্বজনদের দাবি, গত সোমবার (২৪ আগস্ট) শহিদুল ইসলাম দুই নারীকে নিয়ে পিরোজপুরের ‘রয়েল’ নামে একটি আবাসিক হোটেলে যান। পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে কাঁঠালিয়া ও বরিশাল কোতোয়ালি থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, পরে বরিশাল কোতোয়ালি থানা পুলিশ মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে জানতে পারে, ওই দুই নারী পিরোজপুরের একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন। পুলিশ সেখানে যাওয়ার আগেই তারা হোটেল থেকে চলে যান বলে দাবি করেন স্বজনরা। পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়।

ওই নারীর পরিবারের সদস্যদের অভিযোগ, শহিদুল ইসলামের সঙ্গে ওই নারী বাড়ি থেকে বের হয়ে পিরোজপুরের একটি আবাসিক হোটেলে রাত কাটিয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে শহিদুল ইসলাম ওরফে ভাটা শহীদ বলেন, “আমার সঙ্গে পিরোজপুরে বসে দেখা হয়েছে। পরে রাতে তারা কোথায় থাকবে, তাই একটি আবাসিক হোটেলে থাকার জন্য রুম ঠিক করে দিয়েছি এবং রাতে কিছু খাবার কিনে দিয়েছি। আমি তাদের সঙ্গে রাতে ছিলাম না। আমার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ মিথ্যা।”

এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছের রায়হান বলেন, “নিখোঁজের ঘটনায় পরিবারের লোকজন থানায় একটি অভিযোগ দিয়েছিল। পরবর্তীতে তাদের পাওয়া গেছে।”

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা চললেও আবাসিক হোটেলে ওই নারীদের সঙ্গে শহিদুল ইসলামের রাতযাপনের অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।