বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনাগাজীতে আব্দুল আল আমিনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীর সোনাগাজীতে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সোনাগাজী উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আব্দুল আল-আমিনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিকেলে সোনাগাজী উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। র্যালিতে তাঁতীদলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। ‘শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’সহ নানা স্লোগান দেন তারা।
র্যালি শেষে উপজেলা জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সোনাগাজী উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আব্দুল আল-আমিন বক্তব্য দেন।
বক্তব্যে আব্দুল আল-আমিন বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে আসছে। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করতে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে উপজেলা তাঁতীদলের নেতাকর্মীরা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।