ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ সংঠন যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৩
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় ঝটিকা মিছিল করেছে যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম।
এর আগে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকা থেকে সরকার মার্কেট পর্যন্ত এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি খলিল প্রধান এবং আশুলিয়া থানা রিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোশাররফ। তবে গ্রেপ্তারকৃত অপরজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মিছিলের ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ কবির হোসেন সরকারের সৌজন্যে নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়কে ‘অবৈধ’ আখ্যা দিয়ে মিছিলে বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়। মিছিলটি নরসিংহপুর থেকে সরকার মার্কেটের দিকে অগ্রসর হওয়ার সময় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের আওয়াজ শোনা যায় বলে দাবি করেন স্থানীয়রা। এতে পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
তবে ককটেল বিস্ফোরণের বিষয়টি নাকচ করে পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে মিছিলের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।