কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী সাম্যের বাংলাদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান
কোরআন-সুন্নাহর বিধান এবং শোষণ ও বৈষম্যমুক্ত সাম্যের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, প্রয়োজনে জীবন দেবেন, তবু জাতির অধিকারের প্রশ্নে কোনো ধরনের আপস বা বেইমানি করবেন না।
শনিবার খুলনা মহানগরীর বাবরী চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, তাঁদের উত্থাপিত দাবিগুলো কোনো একক দল বা জোটের নয়; বরং দেশের প্রত্যেক মানুষের বাঁচা-মরার দাবি। রাজপথে হাজারো মানুষের উপস্থিতি ও তাঁদের অভিব্যক্তি থেকে জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের বার্তা পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, এই লড়াইয়ে জুলুমবাজদের পতন হবে এবং সাধারণ জনগণের বিজয় নিশ্চিত হবে।
১১ দলের রাজনৈতিক লক্ষ্যের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, তাঁরা শুধু ১১ দলের বিজয় চান না; দেশের প্রত্যেক নাগরিকের মুক্তি ও বিজয় চান। নাগরিকদের চূড়ান্ত মুক্তির লক্ষ্যেই তাঁরা রাজপথে নেমেছেন। জনগণের মৌলিক দাবিগুলো আদায় করেই তাঁরা ঘরে ফিরবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘কথা দিয়ে যাচ্ছি, জীবন যাবে কিন্তু জাতির সঙ্গে কখনো বেইমানি করব না। আপনারা দোয়া করবেন, জাতির অধিকারের এই লড়াইয়ে আল্লাহ যেন আমাদের শহীদ হিসেবে কবুল করেন। মাঝপথে কোনো আপসের সুযোগ নেই। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।’
তিনি আরও বলেন, আল্লাহর নেজাম এবং কোরআন-সুন্নাহর ভিত্তিতেই দেশ গড়ে তুলতে হবে। শোষণমুক্ত, বৈষম্যমুক্ত, সাম্যের ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাঁদের সংগ্রাম চলবে।