আবু ছাহিম। সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্মের এক তরুণীকে বিয়ে করায় নিজের একমাত্র ছেলে সজল আলী ওরফে সজল সরদারকে ত্যাজ্য ঘোষণা করেছেন তার বাবা আজগর আলী সরদার।
রোববার পাবনা জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে এক হলফনামার মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
জানা গেছে, সজল আলী সরদার পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী চাঁদার মোড় গ্রামের বাসিন্দা। তিনি চলতি বছরের ৯ ফেব্রুয়ারি একই উপজেলার সাহাপুর গোলচত্ত্বর এলাকার সরগেন মণ্ডলের মেয়ে আরতি রানীকে বিয়ে করেন।
এর আগে, গত ১ ডিসেম্বর তিনি নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা করে ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন (হিন্দু) ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে সজল সরকার রাখেন বলে হলফনামায় উল্লেখ করা হয়।
হলফনামায় আজগর আলী সরদার বলেন, তার ছেলে ধর্ম পরিবর্তন করায় তিনি স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে এবং কারও প্ররোচনা ছাড়াই তাকে সকল প্রকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত (ত্যাজ্য) ঘোষণা করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, তার মৃত্যুর পরও সজল আলী সরদার তার কোনো সম্পত্তির ওপর দাবি করতে পারবেন না এবং এমন দাবি আইনগতভাবে গ্রহণযোগ্য হবে না।
এ বিষয়ে সজল আলী সরদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদকঃ রাইহান উদ্দিন এবং নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল কাইয়ুম মিয়াজী কর্তৃক গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত। ইমেইলঃ pagethenews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ “পেজ দ্যা নিউজ” কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত। © ২০২৫