প্রকাশকাল: ১৬ মে ২০২৬
ডাউনলোড: ১৭ মে ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

শেরপুরের শ্রীবরদীতে ক্ষতিগ্রস্ত বাঁশের সেতু পরিদর্শনে এমপি রুবেল

মোঃ সাজিদ হাসান শান্ত

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের বালিজুরি গ্রামের সোমেশ্বরী নদীর ওপর নির্মিত অস্থায়ী বাঁশের সেতু পরিদর্শন করেছেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।শুক্রবার বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত সেতু এলাকা পরিদর্শন করেন এবং নদীর দুই পাড়ের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, “আগামীকাল থেকেই অস্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু করা হবে। খারামুড়া ও রাঙাজান গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সোমেশ্বরী নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে। অল্প সময়ের মধ্যেই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ব্রিজ নির্মাণ কাজ শুরু হবে।”

তিনি আরও বলেন, “সামনে বর্ষা মৌসুম হওয়ায় মানুষের চলাচলের সুবিধার্থে আপাতত অস্থায়ী সেতু নির্মাণ করা হবে।”

পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমির হোসেন, কার্যসহকারী সালাউদ্দিন বিশ্বাস, স্থানীয় ইউপি সদস্য নুর হক, বালিজুরি উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গ্রামবাসী ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা রানীশিমুল ইউনিয়নের বালিজুরি এলাকা দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা সোমেশ্বরী নদীর ওপর স্বাধীনতার পরও স্থায়ী সেতু নির্মিত হয়নি। ফলে কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়দের উদ্যোগে প্রতিবছর অস্থায়ী বাঁশের সেতু নির্মাণ করা হলেও বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও প্রবল স্রোতে তা ভেঙে যায়। এতে নদীর দুই পাড়ের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।