শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধ: নিহত ১, আহত ১২ জন
শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকালে উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম ওই এলাকার মৃত কালু মিয়ার ছেলে।
এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশরাফুলের ভাই মাহা আলম (৫০) ও হাজেরা রয়েছেন। আহতরা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শেরপুর জেলা হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খড়িয়াকাজিরচর ইউনিয়নের মাদারপুর গ্রামের ইউপি সদস্য নুরুল আমিনের সঙ্গে আশরাফুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, গত ১৬ মে রাতে নুরুল আমিন মেম্বার তার লোকজন নিয়ে আশরাফুলের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় আশরাফুল ইসলাম বাদী হয়ে ১৭ মে শ্রীবরদী থানায় নুরুল আমিনসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এর জেরে সোমবার সকালে ফের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আশরাফুল ইসলামসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এছাড়া কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে আশরাফুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নুরুল আমিন মেম্বারের বাড়িতে অগ্নিসংযোগ করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, “ঘটনার তদন্ত চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”