শ্রীবরদীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
ঢাকার মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রীবরদী সমাজকল্যাণ ও রক্তদান সংস্থা।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টার দিকে শ্রীবরদী সরকারী কলেজের সামানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি করেন তারা। এসময়ে শ্রীবরদী সরকারি কলেজ ও জুয়েল একাডেমিক স্কুলের শিক্ষার্থীরা এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শ্রীবরদী সমাজকল্যাণ ও রক্তদান সংস্থা এর প্রতিষ্ঠাতা সভাপতি সুলতান মাহমুদ সুমন দেশে চলমান বিচারহীনতার সংস্কৃতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা ও মরদেহ দ্বিখণ্ডিত করার এই বর্বরোচিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অতীতে হাদি হত্যার আসামিদের এখনো উপযুক্ত শাস্তি না হওয়ায়, এই বিচারহীনতার সুযোগেই দেশে প্রতিনিয়ত এমন জঘন্য অপরাধের পুনরাবৃত্তি ঘটছে।
এসময় প্রশাসন ও আইন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তারা রামিসা হত্যার আসামিদের দ্রুততম সময়ে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
এ বিষয়ে শ্রীবরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি, মুয়াজ আহমেদ বলেন ‘রামিসা হত্যাকাণ্ডটা গত মঙ্গলবারের ঘটনা হলেও এটা কিন্তু প্রতিনিয়ত আমাদের এ সমাজে ঘটে যাচ্ছে। প্রতিদিনের নিউজের পাতা উল্টালেই আমরা এ ধর্ষণ ও এ সম্পর্কিত ঘটনা দেখতে পাই। এটি বর্তমানে নর্মাল বিষয় হয়ে দাড়িয়েছে, এটা এমনভাবে ছড়িয়েছে যে একটা ব্যাধির মতো। এর কোনো প্রতিকার নেই, এর কোনো প্রতিরোধ নেই।’ আমাদের আজ লজ্জা হচ্ছে এমন বিষয় নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি।
ছাত্র শিবির শ্রীবরদী সরকারি কলেজ শাখার সভাপতি অনিক আহমেদ ধর্ষণের কারণ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমাদের দেশে ধর্ষণের ঘটনা ঘটছে তার কারণ এ দেশের বিচারব্যবস্থা ও বিচারহীনতার সংস্কৃতি। আমরা কে ধর্ষক তাকে খুঁজে বের করছি, চিনছি কিন্তু তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া উচিত তা নেওয়া হচ্ছে না। যা এ ঘটনাগুলোকে প্রতিনিয়তই বাড়িয়ে তুলছে।”
গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী শিশু কন্যাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার প্রধান অভিযুক্ত মোঃ জাকির হোসেন ওরফে সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তাই দ্রুত এর বিচার কার্যকরী করার জন্য এই মানববন্ধন ৎেকে পরশমনি বিশ্বাস, শাকিল হাসান, মোল্লা খোরশেদ আলম, আকাশ আহমেদ সহ অনেক বক্তা তাদের বক্তব্যে দ্রুত বিচার কার্যকর করার দাবি জানিয়েছে।