প্রকাশকাল: ২১ মে ২০২৬
ডাউনলোড: ২১ মে ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

শিশু রামিসার ঘাতকের শাস্তির দাবিতে ফুলকুঁড়ি আসরের মানববন্ধন

মির্জা নাদিম

রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন করেছে জাতীয় শিশুকিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’।

আজ ২১ মে (বৃহস্পতিবার) বিকাল ৩:০০ টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সংগঠকবৃন্দ, বিশিষ্ট শিশু সংগঠক, অভিভাবক এবং কয়েকশত শিশু-কিশোর ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশ নেয়।

মানববন্ধনে আলোচকদের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকান্ডের দৃষ্ঠান্তমূলক বিচার ও শাস্তির দাবি করা হয়। শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের সহসভাপতি মাসুদ মান্নান বলেন, “আজ আমাদের শিশুরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। পল্লবীতে শিশু রামিসাকে যেভাবে নির্যাতন ও হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। পুলিশ দ্রুত আসামিদের গ্রেপ্তার করায় আমরা সাধুবাদ জানাই, তবে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে যেন অপরাধীরা পার পেয়ে না যায়। আমরা এই মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

মানববন্ধন থেকে ফুলকুঁড়ি আসরের পক্ষ থেকে ৩টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়:

১. দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিশু রামিসা হত্যাকাণ্ড সহ সকল শিশু সহিংশতার বিচার করে অপরাধীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

২. শিশু নির্যাতন ও সহিংশতার দ্রুততম বিচারের লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন বাস্তবায়ন করতে হবে।

৩. অনলাইন ও অফলাইন-উভয় ক্ষেত্রেই শিশুদের সুরক্ষায় একটি স্বাধীন ‘জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন’ গঠন করতে হবে।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সংগঠকবৃন্দ এবং ঢাকার বিভিন্ন শাখার শিশুকিশোর প্রতিনিধিরা।