নিকলীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার ৫৫০ টাকাও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মজলিশপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নিকলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান খান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আমজাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মজলিশপুর ফকির বাড়ি এলাকার বাসিন্দা মো. তাজুল ইসলাম তাজু (৪৪) কে আটক করে।
অভিযানকালে তার দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী দেলোয়ার হোসেন ওরফে দিলদার পালিয়ে যায়। তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পুলিশের তথ্যমতে, গ্রেফতার হওয়া তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং গ্রেফতার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতাও জরুরি।