প্রকাশকাল: ২২ মে ২০২৬
ডাউনলোড: ২২ মে ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল এক স্কুলছাত্রের

এম. ইউসুফ মাহমুদ

কর্ণফুলী উপজেলার বড় উঠানে পিকআপ ভ্যানের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড় উঠান এলাকায় পিএবি সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সাদিকুজ্জামান সানি (১৪) বড় উঠান এলাকার মৌলভীবাড়ির মৃত জালাল উদ্দীনের ছেলে। সে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, নিহত সানি সকালে বাইসাইকেলে কোচিংয়ে যাওয়ার পথে বড় উঠান রাস্তার মাথা এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, পিকআপের ধাক্কায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরিবার সূত্রে জানা গেছে, বাবা হারানো সানি দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল। তার বড় ভাই প্রতিবন্ধী এবং মা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন।