প্রকাশকাল: ২২ মে ২০২৬
ডাউনলোড: ২২ মে ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

বাবার সঙ্গে গোসলে নেমে লাশ হলো শিশু লিজা

আশিকুর রহমান

মাদারগঞ্জ উপজেলায় বাবার সঙ্গে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে লিজা মনি নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত লিজা মনি ওই এলাকার রবিউল ইসলামের মেয়ে। সে মহিষবাথান সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে বাবা রবিউল ইসলাম ছেলে রিয়াদ ও মেয়ে লিজা মনিকে নিয়ে ঝাড়কাটা নদীতে গোসল করতে নামেন। সকালে বৃষ্টিপাতের কারণে নদীতে স্রোত ছিল। একপর্যায়ে স্রোতের টানে দুই শিশু ভেসে যায়। বাবা ছেলে রিয়াদকে উদ্ধার করতে সক্ষম হলেও মেয়ে লিজা মনি নিখোঁজ হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও লিজা মনিকে খোঁজে না পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে দুপুর আড়াইটার দিকে নদী থেকে লিজা মনির মরদেহ উদ্ধার করা হয়।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন বলেন, দুপুরে শিশুটি নদীতে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে শিশু লিজা মনির মরদেহ উদ্ধার করে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে লিজা মনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।